৪৬তম বিসিএস: প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, আপডেট ১৭:১৫
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন, যাদের আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষায় বসতে হতে পারে। সরকারি কর্ম কমিশন- পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বৃহস্পতিবার (০৯ মে) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৪৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসেও ফলাফল জানা যাবে। গত ২৬ এপ্রিল আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ চাকরিপ্রত্যাশী। সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর। এবার বিসিএস পরীক্ষা দিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
ইউডি/এজেএস

