জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, আপডেট ২০:৩৫

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে শুক্রবার (১০ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

সিরিজের শেষ দুই ম্যাচের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ইনফর্ম পেসার মুস্তাফিজুর রহমান দলে ফেরায় আরো বেশি শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় শেষ দুই ম্যাচের জন্য সাকিব-ফিজের সাথে দলে ফিরেছেন সৌম্য সরকারও। ব্যাটাররা এ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে না পারলেও সহজেই সিরিজ জিতেছে বাংলাদেশ। যা থেকে স্পস্টতই বুঝা যাচ্ছে শক্তির বিচারে টাইগারদের সাথে সমান অবস্থানে নেই জিম্বাবুয়ে।

সিরিজ জয় নিশ্চিত হলেও চতুর্থ ম্যাচ নিয়ে বাংলাদেশ সতর্ক বলে জানালেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে মোটেই আত্মপ্রসাদে ভুগতে রাজি নয় টাইগাররা। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে জয় তাদেরকে কোন কৃতিত্ব দিবে না, কিন্তু হেরে গেলে সমালোচনা শুনতে হবে। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আমরা জিতলে কোন কৃতিত্ব পাবো না, কিন্তু আমরা হেরে গেলে সবাই বলবে জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং আমাদের নিয়ে সমালোচনা করা হবে।

তাসকিন জানান, দলের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা যেখানেই খেলি না কেন আমাদের কাজ হল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা। কিন্তু আপনাকে বুঝতে হবে- কন্ডিশন, প্রতিপক্ষ, আমরা কোন দলের বিপক্ষে খেলছি, কোথায় খেলছি, কি কি বিষয় আমাদের নিয়ন্ত্রের বাইরে আছে। খেলোয়াড় হিসেবে যেখানেই খেলি, আমরা সেরাটা দিয়ে থাকি। এমনকি ডিপিএলেও যখন খেলি, আমরা ভালো খেলার চেষ্টা করি।

তিনি আরও বলেন, মূল লক্ষ্য হলো বিশ্বকাপ। আমরা যদি অন্তত পাঁচ শতাংশও উন্নতি করতে পারি, সেটি আমাদের জন্য অনেক বড় বিষয়। আমাদের ভালো শুরু করতে হবে। বিশ্বকাপে আমরা কিভাবে ভালো খেলতে পারি সেদিকেই সবার মনোযোগ। এমন লক্ষ্য নিয়েই আমরা কঠোর অনুশীলন করছি।
এই সিরিজকে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে, তখন প্রশ্ন উঠেছে- জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading