চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ মে, ২০২৪, আপডেট ১০:২৫

বিশেষ দিনে কিংবা যে কোনো অকেশনে খাবারের মেন্যুটা হওয়া চাই একদম স্পেশাল, তাই না? প্রিয়জনদের জন্য ভিন্ন স্বাদের নতুন কোনো আইটেম পরিবেশন করতে চান? সব সময় তো বিফ বা মুরগির বার-বি-কিউ খাওয়া হয়, চিংড়ির বার-বি-কিউ করলে কেমন হয়, বলুন তো? চুলাতে খুব অল্প সময়ে দারুণ মজাদার এই খাবারটি বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেই বার-বি-কিউ চিংড়ি করতে কী কী উপকরণ লাগবে।

বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন? সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক চুলাতেই বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন!

যা যা লাগবে: বড় বা মিডিয়াম সাইজের চিংড়ি- হাফ কেজি, আদা বাটা- ১/২ চা চামচ, রসুন বাটা- ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ, মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, সয়া সস- ২ চা চামচ, বার-বি-কিউ সস- ২ চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- ভাজার জন্য।

যেভাবে বানাবেন: ভালোভাবে চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব উপাদান দিয়ে ১/২ ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিন।

এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে এক এক করে মেরিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। চাইলে কাঁঠিতে গেঁথেও ভাজতে পারেন।

চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে আসলে হালকা করে উপর দিয়ে বার-বি-কিউ সস দিয়ে একটু নেড়ে নিন।

বার-বি-কিউ এর আসল স্বাদ পাওয়ার জন্য একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লা রেখে একটু ঘি দিয়ে দিন। এবার ফ্রাই প্যান ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এই সময় চুলার আঁচ একদম কম করে রাখবেন এবং খেয়াল রাখবেন।

কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন গরম গরম বার বি কিউ চিংড়ি! পরিবেশনের জন্য ধনিয়া পাতা কুঁচি চিংড়ির উপর ছড়িয়ে দিতে পারেন।

দেখলেন তো কত সহজ রেসিপিটি। আজকের মেন্যুতে এই ভিন্নধর্মী ডিশটি রাখতে পারেন আর এটা পোলাও এর সাথে সার্ভ করতে পারেন। আবার চাইলে বিকালের নাস্তা হিসাবে শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading