রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মে, ২০২৪, আপডেট ১৩:০০

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী ৫০ বছর বয়সী বিধ্যাধন চাকমা ওরফে তিলক এবং ৩৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা ধন্য মনি চাকমা।

ইউপিডিএফের অভিযোগ, সকালে ওই এলাকায় সাংগঠনিক কাজ করার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) হামলায় দুইজন নিহত হন। তাদের মধ্যে একজন ইউপিডিএফ কর্মী এবং আরেকজন স্থানীয়।

এক সংবাদ বিবৃতি দিয়ে দলটি বলেছে, ‘সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যা করা শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’

এতে আরও বলা হয়, ‘অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যাকারী খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসীদের মদতদাতা সন্তু লারমাকে গ্রেপ্তার করে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।’

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, এ ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কন্দোলের কারণে হয়ে থাকতে পারে।

ওসি হারুনুর রশিদ বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে একজন ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুব দুর্গম। আমাদের পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading