পাপুয়া নিউগিনিতে ভয়াবহ বিপর্যয়, জীবন্ত সমাহিত ২ হাজারের বেশি মানুষ

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ বিপর্যয়, জীবন্ত সমাহিত ২ হাজারের বেশি মানুষ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মে, ২০২৪, আপডেট ১৬:৩০

অস্ট্রেলিয়ার নিকটবর্তী ও প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে ২ হাজারের বেশি মানুষ জীবন্ত সমাধিস্থ হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। জাতিসংঘকে এমন তথ্যই জানিয়েছে দেশটি। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত শুক্রবারের (২৪ মে) ভয়াবহ ভূমিধসে দেশটির এঙ্গা প্রদেশের ৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও ‘কাওকালাম’ গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

রবিবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে সোমবার জানিয়েছে দেশটি।

পাপুয়া নিউগিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত জাতিসংঘের অফিসকে বলেছে, ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে।

যদিও এখন পর্যন্ত মাত্র ৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনাস্থলের সাথে যোগাযোগের প্রধান সড়কটি ধসে যাওয়ায় উদ্ধার কাজ চালানো ও নিখোঁজদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনও পৌঁছেনি। এখন হেলিকপ্টারই যোগাযোগের একমাত্র মাধ্যম।

তবে এরই মধ্যে সোমবার সাহায্যের আবেদন ও কান্না শুনে এক দম্পতিকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘কাওকালাম’ গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেনি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading