বঙ্গোপসাগরকে দস্যুমুক্ত ঘোষণা করা হবে শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরকে দস্যুমুক্ত ঘোষণা করা হবে শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, আপডেট ১৫:৫৫

শিগগির বঙ্গোপসাগরকে দস্যুমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর এলিট হলে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে। যারা আত্মসমর্পণ করেছেন তাদের স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করা হবে। কিন্তু যারা আত্মসমর্পণ করেন নি তাদের কি হবে শুধু আল্লাহই জানেন। সুন্দরবনের মতো শিগগির বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপক‚লীয় অঞ্চলকে দস্যু মুক্ত ঘোষণা করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, র‌্যাব অনেক চড়াই-উৎরাই পরেও স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে। আমাদের দেশে যখন জঙ্গির উত্থান হচ্ছিল। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছে র‌্যাব। সুরক্ষা দিতে গিয়ে নিজেদের জীবন দিয়েছে ৩৩ জন র‌্যাব সদস্য। মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রাম আর আগের মতো নেই। এখানে টানেল হয়েছে, বে-টার্মিনাল হচ্ছে। এখানে কেন দস্যুতা থাকবে?

আত্মসমর্পণ না করা জলদস্যুদের হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রায় ১৫ বছর অতিক্রম করতে যাচ্ছি। এখন আমরা একটি পিসফুল পরিস্থিতি চাই। যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে। কেউ যেন অপরাধ করার সাহস না পায়। যারা ফিরে আসেনি তাদের কি পরিণতি হবে তা আল্লাহই ভালো জানেন।’ এসময় জলদস্যুদের আত্মসমর্পণে অবদান রাখায় সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি। নিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক সুমন তালুকদার ও সিনিয়র স্টাফ রিপোর্টার মীর মোহাম্মদ আকরাম হোসাইনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এর আগে বিশেষ অথিতি বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আত্মসমর্পণ করার পর জঙ্গিবাদ-দস্যুপনায় পুনরায় ফিরে গেলে তাদের ছাড় নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading