নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করতে চায় বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করতে চায় বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুন, ২০২৪, আপডেট ১৫:০০

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। আগামীকাল (বৃহস্পতিবার) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারনা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ।কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা।

২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের দেখায় ডাচদের বিপক্ষে তিনটিতেই জিতেছে টাইগাররা।

তবে ইন্ডিয়াতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ঐ হারের কারণে সমালোচনার মুখে পড়েছিলো টাইগাররা। তাই এবার নেদারল্যান্ডস ম্যাচের আগে বেশ সতর্ক থাকতে হবে শান্ত বাহিনীকে।

বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব বলেন, নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছিলাম, সেটি এখন অতীত। ঐটা ছিল ওয়ানডে ফরম্যাট। কিন্তু এটা ক্রিকেটের ভিন্ন ফরম্যাট।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হৃদয় বিদারক হারের পরও আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি। আমাদের দলের ঐক্য খুবই শক্তিশালী। নিজেদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে তাহলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারি বলেই আমি মনে করি।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এখন অতীত। আমাদের হাতে দু’টি ম্যাচ আছে, ঐ দুই ম্যাচ জিততে হবে আমাদের। আমরা আত্মবিশ্বাসী, ঐ দুই দলকে আমরা হারাতে পারব।

বাংলাদেশ দলের চিন্তার কারণ টপ অর্ডারের ব্যর্থতা, সেই সঙ্গে দলের সব থেকে ক্রিকেটার সাকিব আল হাসান ছন্দে না থাকা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ফর্মে ফিরে পাবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরে।

গত দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। তবে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চান সাকিবও।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading