ইউরো চ্যাম্পিয়নশিপ: স্পেনের উড়ন্ত শুরু, সুখকর হলো না ক্রোয়েশিয়ার
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুন, ২০২৪, আপডেট ১১:৫৫
ইউরো চ্যাম্পিয়নশিপের শুরুটা মোটেও সুখকর হলো না ক্রোয়েশিয়ার। স্পেনের কাছে ৩-০ গোলের হার দিয়ে এবারের মিশন শুরু করেছে লুকা মদ্রিচের দল। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি ক্রোয়েটরা। ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন, যার ধারাবাহিকতায় ২৮ মিনিটে দলকে ব্রেক থ্রু এনে দেন আলভারো মোরাতা। মাঝ মাঠ থেকে মোরাতাকে উদ্দেশ্য করে লম্বা থ্রু বল দেন রুইজ। ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঠান্ডা মাথার প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন মোরাতা।
পরের মিনিটেই কোভাকিচের শট সহজেই তালুবন্দি করেন স্পেনের গোলরক্ষক সিমোন। এগিয়ে যাওয়ার পর ক্রোয়েশিয়ার ওপর চাপ বাড়ায় স্পেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। পেদ্রির যোগান দেওয়া বলে দলকে এগিয়ে নেন তিনি। ৪১ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করে ক্রোয়েশিয়া। লভরো মাজেরের গোল মুখে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সামনে থাকা বুদিমির পা ছোঁয়াতে পারলেই ব্যবধান কমাতে পারতো ক্রোয়েশিয়া। কোভাকিচের শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
ক্রোয়েশিয়া যখন ব্যবধান কমাতে মরিয়া তখন প্রথমার্ধেই তাদের ম্যাচ থেকে ছিটকে দেয় স্পেন। যোগ করা সময়ে (৪৫+২) বক্সের ভেতর উঁচু করে লং ক্রস দেন ইয়ামাল। আলতো ছোঁয়ায় ব্যবধান ৩-০ করেন দানি কারবাহাল।
এই নিয়ে চতুর্থবার ইউরোতে প্রথমার্ধেই তিন বা তার বেশি গোলে এগিয়ে যাওয়ার ঘটনা ঘটলো, তাও আবার ২৪ ঘণ্টার মধ্যেই হলো দুইবার। শুক্রবার জার্মানি হাফটাইমের আগে স্কটল্যান্ডের জালে তিনবার বল জড়ায়। আর ফ্রান্স ১৯৮৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ৩-০ ও ২০১৬ সালে আইসল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল।
ইউডি/এজেএস

