রাষ্ট্রপতি ঈদুল-আজহার নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে, বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় কাল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুন, ২০২৪, আপডেট ১২:১৫
আগামীকাল সোমবার মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে। সর্বস্তরের শত শত মুসল্লিদের সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে যোগ দেবেন। সকাল ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।মন্ত্রিসভার সদস্য,সুপ্রিম কোর্টের বিচারপতিগণ,সংসদ সদস্যবৃন্দ,সিনিয়র রাজনৈতিক নেতা এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসুল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে রাষ্ট্রপতির কর্মসূচি সূচি অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপ্রধান সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
এদিকে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা,কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য ঈদ-উল-আজহা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছেন।‘ঈদের দিন সকাল ১০.৩০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।’ রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাবেন।
তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রায় ১২০০ বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন – প্রধান বিচারপতি,সাবেক রাষ্ট্রপতি,মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা,বিদেশি কূটনীতিক,সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য,সম্পাদক,জ্যেষ্ঠ সাংবাদিক,লেখক,শিল্পী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
ইউডি/এজেএস

