বদলে যাওয়া বাংলাদেশকে তরুণরাই এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

বদলে যাওয়া বাংলাদেশকে তরুণরাই এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুন, ২০২৪, আপডেট ১৩:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এই বদলে যাওয়া বাংলাদেশকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই এখন সরকারের লক্ষ্য।

সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনটি কার্যক্রমের উদ্বোধনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল। আমরা সরকারে এসে কয়েকটি বিশ্ববিদ্যালয় খুলে দিই। ২০০৯ এর পর পর থেকে ২৩ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় তিনি বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকেই অসম্ভব কাজ বলেছিলেন, তবে আওয়ামী লীগ সরকার সেটা সম্ভব করেছে। ২০১০ সাল থেকে আমরা বিনামূল্যে বই বিতরণ করছি। এখন পর্যন্ত ৪৬৪ কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে স্বাক্ষরতার হার ৪৫ ভাগ। আমরা সেটিকে বর্তমানে ৭৬.৮ ভাগে উন্নীত করেছি। এ সময় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বাজেট বাড়ানোয় তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading