বাংলাদেশে বন্দর প্রকল্পে কাজ করবে এডি পোর্টস ও সাইফ পাওয়ার টেক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, আপডেট ১২:৪০
বাংলাদেশের একাধিক বন্দর প্রকল্পে একসঙ্গে কাজ করতে সংযুক্ত আরব আমিরাত’র (ইউএই) এডি পোর্টস গ্রুপের সঙ্গে স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ার টেক লিমিটেড।
বুধবার (২৬ জুন) আবুধাবিতে কোম্পানি দুটির শীর্ষ কর্তারা এই স্মারকে স্বাক্ষর করেন।
সাইফ পাওয়ার টেক সূত্রে জানা গেছে, এমওইউ’তে স্বাক্ষর করেন এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মো. জুমা আল সামিসি এবং সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। প্রথম বাংলাদেশি কোম্পানী হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস কোম্পানীর খাতের কোম্পানির সঙ্গে এটাই প্রথম কোন সমঝোতা স্বাক্ষর। সমঝোতার শর্তাবলীর অধীনে উভয়পক্ষ যৌথ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম, মংলা ও ঢাকার বন্দরের কন্টেইনার ডিপো এবং লজিস্টিক সুবিধাগুলোর উন্নয়নে একসঙ্গে কাজ করবে।
এ সময় ক্যাপ্টেন মো. জুমা আল সামিসি বলেছেন, এই সহযোগিতায় বিশ্বব্যাপী নতুন অনেক সুযোগ আনলক (খুলে দেওয়ার) করার জন্য আমাদের চলমান প্রতিশ্রুতি তুলে ধরে। সাইফ পাওয়ার টেকের সাথে কাজ করা আমাদের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম প্রদান করবে; যাতে আমাদের বিশ্বমানের সেবা এবং বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অভিজ্ঞতা প্রদান করা যায়। এই সমঝোতা স্বাক্ষর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার গ্রুপের উপস্থিতিতে আরও বৃদ্ধি পাবে।
সাইফ পাওয়ার টেকের তরফদার মো. রুহুল আমিন বলেন, আজ (২৬ জুন) আমাদের জন্য আরেকটি গর্বের দিন। কারণ আমরা পোর্টস গ্রুপের সাথে আমাদের চলমান অংশীদারীত্ব অব্যাহত রাখছি; যা আমাদের বাংলাদেশে বড় প্রকল্পে একসঙ্গে কাজ করতে পরিচালিত করতে পারে। এই সমঝোতা স্বাক্ষরটি সাইফ পাওয়ার টেক লিমিটেড এবং এডি পোর্টস গ্রুপের মধ্যে সম্পর্কের আরেকটি সূচক এবং আমরা আগামীতে অনেক বছর ধরে সহযোগিতা করার জন্য উন্মুখ। এডি পোর্টস গ্রুপ আমাদের শিল্পের জন্য প্রচুর অভিজ্ঞতা এবং জ্ঞানের ভান্ডার নিয়ে আসে। তাই বাংলাদেশের এবং এর প্রতিবেশী দেশগুলোতে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাদের সাথে দলবদ্ধ হওয়া আমাদের জন্য সম্পূর্ণ অর্থবহ।

এর আগে ২০২২ সালে এপ্রিলে প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতে ব্যবসা শুরু করতে সংযুক্ত আরব আমিরাতের শাফিন সিডার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সাইফ পাওয়ার টেক। ফলে আটটি জাহাজ পরিচালনা করার জন্য সুযোগ মেলে।
চট্টগ্রাম বন্দরে প্রায় ৫৮ শতাংশ কনটেইনার হ্যান্ডেল করে দেশের একমাত্র টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক। কোম্পানিটি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডেল করে।
ইউডি/কেএস

