সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফার্স্ট ফাইন্যান্সের করা মামলা খারিজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪। ১৩:৩৭
ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজার বিরুদ্ধে মিথ্যা অর্থ আত্নসাতের মামলা খারিজ করে দিয়েছে আদালত। গতকাল বুধবার (২৬ জুন, ২০২৪) যুগ্ন জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ করা হয়। এর আগে ২০২২ সালে মামলাটি করে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
বিবাদী সূত্রে জানা যায়, সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় নাই। তিনি দায়িত্বে থাকাকালীন অবৈধ ভাবে কোনো ধরণের টাকা গ্রহণের কোনো ঘটনা প্রমাণিত হয় নাই।
মামলা খারিজে বলা হয়, সকল অভিযোগের দলিলপত্র পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় অত্র আদালতের নিকট প্রতীয়মান হয় যে বিবাদীপক্ষ গণের আনীত দরখাস্তটি আইনগত বৈধ এবং সঠিক। সুতরাং বিবাদীপক্ষ তাদের প্রার্থীত মতে প্রতিকার পেতে আইনগত হকদার। উক্ত অবস্থায় বিবাদীগণের আনীত দেওয়ানী কার্যবিধি- ৭ আদেশের ১১ বিধি ও ১৫১ ধারা মোতাবেক দরখাস্তটি মঞ্জুরযোগ্য অত্র মোকদ্দমাটি বাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় দেওয়ানী কার্যবিধি আইনের ৭ আদেশের ১১ বিধি তৎসহ ১৫১ ধারার বিধান মোতাবেক দরখাস্তটি মঞ্জুরক্রমে অত্র মোকদ্দমার আর্জিটি খারিজ ( Reject) করা হলো।
এ বিষয়ে ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা গণমাধ্যমকে বলেন, মিথ্যা, হয়রানি মূলক ও অসৎ উদ্দেশ্যমূলক মামলা দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে। মূলত আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমাকেসহ আরো কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে উদ্দ্যেশপ্রনোদিত এই মামলা করা হয়েছিল।
তিনি আরও বলেন, বিচার বিভাগের উপর আমার বিশ্বাস ছিলো তাই ন্যায়বিচার পেয়েছি।
ইউডি/এজেএস

