কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, আপডেট ১২:১০

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন হলের শিক্ষার্থীরা দলে দলে জড়ো হতে দেখা যায়।

সমাবেশে ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, ‘কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথার ঠাই নাই’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ কোটা না মেধা, মেধা মেধা’ এমনসব স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, স্বাধীন দেশে কোটার কোনো স্থান থাকবে না। মেধার মূল্যায়ন হবে সর্বত্র। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে। সমাজের দৃষ্টিতে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় তাদেরকে কোটার আওতাভুক্ত করা সংবিধান বহির্ভূত। আমরা চাই অতিদ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া। কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুন্নাসির রাফি বলেন, ২০১৮ সালের কোটা বাতিলের জন্য হাইকোর্টের রায়ে নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু আবারও তা পুনর্বহাল করা হয়েছে। আমরা এটা আবারও বাতিল চাই। আমরা বঙ্গবন্ধুর মাটিতে কোটা বৈষম্য চাই না। আমরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আমান উল্লাহ খান বলেন, আমরা কোটা বাতিলের দাবিতে এখানে দাঁড়িয়েছি। কোটা বাতিলের দাবিতে ২০১৮ সালে মাঠে নেমেছিলাম। সরকার শিক্ষার্থীদের যৌক্তিকতা বুঝে আন্দোলন মেনে নিয়েছিল। হঠাৎ এমন কি হলো যে আবার কোটা পদ্ধতি পুনর্বহাল করতে হলো। এটি বাতিল না হওয়া পর্যন্ত রাবি শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ অংশ নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading