এবার সাংবাদিকের হাড্ডি ভাঙার হুমকি দিলেন সেই মোস্তাফিজুর

এবার সাংবাদিকের হাড্ডি ভাঙার হুমকি দিলেন সেই মোস্তাফিজুর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ০১:০০

চট্টগ্রামের বাঁশখালীতে শফকত হোসাইন চাটগামী নামে এক সাংবাদিককে গালাগালের পর হাড্ডি ভাঙার হুমকি দিয়েছেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলাটি করেন ওই সাংবাদিক। তিনি স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি এবং বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসাইন খান। জানা গেছে, গত ২৯ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর তার বক্তব্যে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দলীয় কার্যালয় নির্মাণে চাঁদাবাজির অভিযোগ করেন। এমনকি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাবেক এমপি মোস্তাফিজ বুঝাতে চেষ্টা করেছেন- নিজের বাড়ি না করে তিনি দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও ভন্ডামি।

মিথ্যার ওপরই সাবেক এমপির জন্ম আখ্যা দিয়ে অধ্যাপক আবদুল গফুর বলেন, দলীয় কার্যালয় নির্মাণে সাবেক এমপি ব্যাপক চাঁদাবাজি করেছেন। খানখানাবাদের জসিম চেয়ারম্যান ৭ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী ৮ লাখ টাকা, চেয়ারম্যান ইবনে আমিন ৫ লাখ টাকা, পুকুরিয়ার আওয়ামী লীগ নেতা মাহবুব আলী ১১ লাখ টাকা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ১৪ লাখ টাকা দিয়ে অফিস সংলগ্ন ছড়ায় গাইড ওয়াল নির্মাণ করে দেন, এভাবে আরও বহু মানুষের কাছে টাকা নিয়েছেন সাবেক এমপি মোস্তাফিজ। 

আবদুল গফুরের বক্তব্যটি অন্যান্য পত্রিকার মত পরদিন (৩০ জুন) রবিবার দৈনিক চট্টগ্রাম মঞ্চে আবদুল গফুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জের ধরে ওই দিন বিকেল ৫টা ৩৩ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন। এ সময় সাবেক এমপি সাংবাদিকের হাড়গুড় ভেঙে দেওয়ার হুমকি দিয়ে মা বাবা তুলে গালি দেন।

মামলার বাদী শফকত হোসাইন চাটগামী জানান, আমি সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীন। আমার জীবন হুমকির মুখে। আমি আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।

এ ব্যাপারে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, আব্দুল গফুর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বক্তব্যের জের ধরে তাকেও হাড্ডি ভেঙে ফেলার হুমকি দেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। এর আগে আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে অস্ত্র হাতে অংশ নেন তিনি। বিষয়টি তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ইউডি/ এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading