শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ: ওবায়দুল কাদেরের

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ: ওবায়দুল কাদেরের

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জুলাই, ২০২৪, আপডেট ১৪:৩০

মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য যে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ, সেটি মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করারও অনুরোধ জানান তিনি।

বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার।

সেতুমন্ত্রী বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাবারও আহ্বান করেছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।

আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায়, তিনি কিছুটা অসুস্থ। এছাড়া, চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রীযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading