জুনে সড়কে প্রাণ গেল ৮০১ জনের

জুনে সড়কে প্রাণ গেল ৮০১ জনের

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জুলাই, ২০২৪, আপডেট ১৪:১৫

জুন মাসে সারাদেশে ৫৫৭টি সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত তিন হাজার ২৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১০ জুলাই) সংবাদ মাধ্যমে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানোর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সংগঠনটি দেশের গণমাধ্যম ও পঙ্গু হাসপাতালে তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, জুন মাসে রেলপথে ৪৬টি দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন নয়জন। এ সময় নৌ পথে নয়টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জনের মৃত্যু হয়, সাতজন আহত হন ও নয়জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া সড়ক, রেল ও নৌ পথে মোট ৬১২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ঝরেছে ৮৫৫ প্রাণ। আহত হয়েছেন তিন হাজার ২৮৩ জন।

সংগঠনটির হিসাবে, সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। জুনে ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত ও এক হাজার ৯৩ জন আহত হয়েছেন-যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৯৫ শতাংশ। শতকরা হিসাবে নিহত হয়েছেন ৩৮ দশমিক এক শতাংশ ও আহতের ৩৩ দশমিক ৪৫ শতাংশ।

দুর্ঘটনার বিভাগ ওয়ারি পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। ১৩৩টি সড়ক দুর্ঘটনায় এই বিভাগে নিহত হয়েছেন ১৩৯ জন। আহত হয়েছেন ২১৪ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী জুন মাসে সংবাদপত্রে প্রকাশিত তথ্যমতে, ৫৫৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৪ জন নিহত ও ১ হাজার ১২৮ জন আহত হয়েছেন। অপরদিকে ঢাকার পঙ্গু হাসপাতালের তথ্য অনুযায়ী, এ মাসে ২ হাজার ১৩৯ সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাত বা পা ভেঙে ভর্তি রোগী ৯২২ জন।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গত মাসে সড়ক দুর্ঘটনায় আহত দুই হাজার ১৩৯ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী ৯২২ জন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading