কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, আপডেট ১১:৫৫

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। এ খবর বিশ্ব মিডিয়াও প্রচার করছে।

গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। এবার ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও দেশের তারকাদের দলে যোগ হলেন। জানালেন, ভীষণ অস্থির লাগছে তার।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে— ‘বুকের ভেতর অনেক ঝড়/ বুক পেতেছি গুলি কর।’

এ ছবির ক্যাপশনে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

বাংলাদেশে এখন বারুদের গন্ধ। তা উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন একরকম। একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’

কবি শঙ্খ ঘোষের লেখা কবিতার কয়েকটি চরণ উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়/ দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ/ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?/ নিচু হয়ে বসে হাতে তুলে নিই
তোমার ছিন্ন শির, তিমির।’

অস্থিরতার কথা জানিয়ে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে।’

বাংলাদেশের জন্য প্রার্থনা করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো… আলো হোক, ভাল হোক সকলের।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading