ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৪৮
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, আপডেট ১৯:১০
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩০ জন ভর্তি হয়েছেন। এর বাইরে এই সময়ে সারাদেশে ১১৮ রোগী ভর্তি হয়েছেন। এদিকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫০৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ২৯৮ জন এবং ঢাকার বাইরে ২০৭ জন ভর্তি ছিলেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ইউডি/এআর

