রবিবার থেকে শেয়ারবাজারে লেনদেন চলবে ১০-২ টা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জুলাই, ২০২৪, আপডেট ১৯:৩০

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের শেয়ারবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লেনদেন হবে। মূল লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।

যোগাযোগ করা হলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০ টায় এবং শেষ হবে দুপুর ২ টায়। ১ টা ৫০ মিনিট থেকে ২ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা শেয়ারের নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। দিনের ক্লোজিং দামে পোস্ট ক্লোজিং সময়ে লেনদেন হবে। অর্থাৎ দুপুর ১টা ৫০ মিনিটে একটি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের ক্লোজিং দাম যেটি নির্ধারণ হবে, সেই দামে পরবর্তী ১০ মিনিট লেনদেন হবে।

এদিকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। সরকারি নির্দেশনার আলোকে ব্যাংকের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এ সময় শেয়ারবাজারে লেনদেন হয় বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবিবার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সীমিতভাবে চলে সরকারি অফিস।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার (২২ জুলাই) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading