অবশেষে শাফিন আহমেদের মরদেহ ঢাকায়
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জুলাই, ২০২৪, আপডেট ১৯:৩০
মৃত্যুর চার দিন পর অবশেষে দেশে ফিরল ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় অ্যামেরিকা থেকে তাকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করে মাইলস তারকা এরশাদুল হক টিংকু জানান, আজ বিকেল সাড়ে ৫ টায় শাফিন ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে। সেখান থেকে উত্তরার বাসায় কফিন নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।
তিনি আরও জানান, আগামীকাল ৩০ জুলাই জোহরের নামাজের সময় আনা হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ।
শাফিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে। যেখানে শায়িত আছেন শিল্পীরা বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।
প্রসঙ্গত, প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে আমেরিকায় উড়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল তার কনসার্ট। এদিন মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছর বয়সী এই রকস্টার। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইউডি/এআর

