হামাসের নতুন নেতা খালেদ মেশাল

হামাসের নতুন নেতা খালেদ মেশাল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৩০

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন নেতা হিসেবে ওঠে এসেছে খালেদ মেশালের নাম। বুধবার (৩১ জুলাই) সংগঠনটির নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে দেহরক্ষীসহ আততায়ীর হাতে নিহত হন। এরপরই আলোচনা শুরু হয়- কে হাল ধরছেন সংগঠনটির। খবর রয়টার্সের।

নানান জল্পনা-কল্পনার পর হামাসের নেতা হিসেবে খালেদ মেশালের নাম সামনে এসেছে। কিন্তু এখনো হামাস আনুষ্ঠানিকভাবে তাদের নেতার নাম প্রকাশ করেনি। খালেদ মেশাল ১৯৯৭ সালে জর্ডানের রাজধানী আম্মানে হামলার শিকার হন। তার অফিসের বাইরে একটি রাস্তায় ইসরায়েলি এজেন্টরা ইনজেকশনের মাধ্যমে তার শরীরে বিষ প্রয়োগ করে। এরপরে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়। ওই ঘটনা জর্ডানের তৎকালীন রাজা হুসেনকে এতটাই ক্ষুব্ধ করে যে তিনি হত্যাকারীদের ফাঁসি এবং প্রতিষেধক না দিলে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল করার কথা বলেছিলেন। ইসরায়েল সেটা করেছিল।

মিশেল ও হামাসের বাকি নেতারা ফিলিস্তিনি সমর্থকেদের কাছে যোদ্ধা। তারা ইসরায়েলের দখলদারিত্ব থেকে নিজ ভূখন্ড উদ্ধারে যুদ্ধ করছে। তারা স্বাধীনতার জন্য লড়ছে বলে মনে করেন প্যালেস্টাইনের বাসিন্দারা।

খালেদ মেশাল যিনি আবু আল-ওয়ালিদ নামেও পরিচিত। তিনি ১৯৫৬ সালে সিলওয়াদের পশ্চিম তীরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারসহ কুয়েতে চলে যাওয়ার আগে তিনি সেখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। আর কুয়েতে যাওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন।

মেশাল হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। ১৯৯৬ এবং ২০১৭ সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ১৯৯৭ সালে মেশালকে হত্যার জন্য গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে নির্দেশ দেন। তিনি এই হত্যাকাণ্ড চালানোর জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে বলেছিলেন।

মোসাদের দশজন এজেন্ট কানাডার জাল পাসপোর্ট নিয়ে জর্ডানে প্রবেশ করে সেই সময়ে জর্ডানের নাগরিক খালেদ মেশালকে রাজধানী আম্মানের একটি রাস্তায় হাঁটার সময় বিষাক্ত পদার্থ দিয়ে ইনজেকশন দেওয়া হয়।

জর্ডানের কর্তৃপক্ষ হত্যা প্রচেষ্টার সন্ধান পায় এবং জড়িত দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করে। জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেইন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে মেশালকে যে বিষাক্ত পদার্থের ইনজেকশন দেওয়া হয়েছিল তার প্রতিষেধক চান; কিন্তু নেতানিয়াহু প্রথমে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হস্তক্ষেপে নেতানিয়াহুকে প্রতিষেধক সরবরাহ করতে বাধ্য করায় এই হত্যা প্রচেষ্টা একটি রাজনৈতিক মাত্রা নেয়।

মেশাল ২০১২ সালের ৭ ডিসেম্বর প্রথমবারের মতো গাজা উপত্যকায় যান। ১১ বছর বয়সে তিনি চলে যাওয়ার পর ফিলিস্তিনি অঞ্চলে এটাই তার প্রথম সফর ছিল। রাফাহ ক্রসিংয়ে পৌঁছানোর পর বিভিন্ন দল ও জাতীয় পর্যায়ের ফিলিস্তিনি নেতারা তাকে অভ্যর্থনা জানান এবং গাজা শহরে পৌঁছনো পর্যন্ত ফিলিস্তিনিরা তাকে অভ্যর্থনা জানাতে রাস্তার ধারে ভিড় করে দাঁড়িয়ে ছিল। ২০১৭ সালের ৬ মে আন্দোলনের শুরা কাউন্সিল ইসমাইল হানিয়াকে রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসাবে নির্বাচিত করে।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading