সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে চালু হচ্ছে হটলাইন
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:৩০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের বাড়িঘরে স্থাপনায় হামলা করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ ধরনের হামলার ঘটনায় ভুক্তভোগীরা যাতে প্রতিকার পায়, সেজন্য ধর্ম মন্ত্রণালয় একটি হটলাইন চালু করবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের বিফ্রিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে, তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে আজকেই একটা হটলাইন চালুর ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারও বাড়িঘর, সম্পত্তি আক্রান্ত হয়, তিনি হটলাইনে যোগাযোগ করবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।
ইউডি/এজেএস

