চিফ প্রসিকিউটরসহ ট্রাইব্যুনালের আরও ৪ জনের পদত্যাগ

চিফ প্রসিকিউটরসহ ট্রাইব্যুনালের আরও ৪ জনের পদত্যাগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১০:১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল তথা প্রসিকিউশন প্যানেল থেকে দায়িত্বরত চিফ প্রসিকিউটরসহ আরও চারজন পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত ৮ জন পদত্যাগ করলেন।

সবেশেষ পদত্যাগ করা চারজন হলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা।

তিনি জানান, সোমবার (১২ আগস্ট) সকালে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন চারজন প্রসিকিউটর। তারা হলেন, শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন এবং আলতাফ উদ্দিন আহম্মেদ।

প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা আরো জানান, রাতে অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর পদত্যাগ পত্রজমা দিয়েছেন। এছাড়া মঙ্গলবার সকালে দুজন সিনিয়র প্রসিকিউটর (দায়িত্বরত চিফ) অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী ও রানা দাশগুপ্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading