হবিগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৫০

হবিগঞ্জের মাধবপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার খড়কি গ্রামের সাহাব উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মনির উদ্দিন (২২) এবং বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের শফিক মিয়া (৫৫)। তারা সবাই কৃষিকাজ করতেন। এ ঘটনায় খলিল মিয়া নামের এক তরুণ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, সোমবার বিকেল থেকে মাধবপুর উপজেলা ও এর আশপাশে বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার খড়কি গ্রামে বাড়ির পাশের একটি জমিতে কাজ করছিলেন সাহাব উদ্দিন ও তার ছোট ভাই মনির উদ্দিন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে দলগাঁও গ্রামে শফিক ও খলিল বজ্রপাতে আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির মেডিকেল কর্মকর্তা জান্নাতুন নাঈম।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফয়সল বলেন, জেলা প্রশাসকের কাছে মৃত ব্যক্তিদের তালিকা পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading