আইএফআইসি ব্যাংক থেকে বাদ সায়ান এফ রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ৩৫
বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালক পদ হারালেন সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান (সায়ান এফ রহমান)।
ব্যাংকটির পর্ষদ থেকে বাদ যাওয়ায় ভাইস চেয়ারম্যানের পদও হারিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পুনরায় তাকে পরিচালক করতে ব্যাংকের প্রস্তাব অনুমোদন না করলে ২০১৯ সাল থেকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা সায়ান ব্যাংকের পর্ষদ থেকে বাদ পড়ে গেলেন।
ঋণ খেলাপি হওয়ার কারণে তার পরিচালক হওয়ার প্রস্তাবে আপত্তি দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক সায়ানের পরিচালক পদের মেয়াদ নবায়ন না করে তাকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়।
আইএফআইসি ব্যাংকের কোম্পানি সচিব মোকাম্মেল হক বলেন, আমরা আজকে (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চিঠি পেয়েছি। পুনরায় পরিচালক হিসেবে সায়ান এফ রহমানকে পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাবে আপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র; বিডিনিউজ২৪
ইউডি/এবি

