সময় টিভি নিয়ে আপিল শুনানি ও আদেশ ১ সেপ্টেম্বর

সময় টিভি নিয়ে আপিল শুনানি ও আদেশ ১ সেপ্টেম্বর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ১১:১৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাতদিনের জন্য বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি ও আদেশের দিন পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। অসুস্থতাজনিত কারণে বেঞ্চের এক বিচারপতি এদিন আদালতে না থাকায় আদেশের দিন পিছিয়ে দেওয়া হয়।

শুনানিতে সময় মিডিয়া লিমিটেডের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, গতরাত থেকে সময় টিভি সম্প্রচারে এসেছে। তাই এই মামলার আর কার্যকারিতা নেই।

এ সময় আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব আদালতে বলেন, সময় টিভি সরকারের সিদ্ধান্তে বন্ধ হয়নি, আদালতের সিদ্ধান্তে বন্ধ ছিল। এটার সঙ্গে বাকস্বাধীনতার প্রশ্ন জড়িত। তাই এ বিষয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ দরকার। তখন আপিল বিভাগ আদেশের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।

আদালতে আজ রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল, আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহায়তা করেন আইনজীবী ফারজানা খান নীলা। অন্যপক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব বিন মাহবুব।

এর আগে গত ২৫ আগস্ট সময় টেলিভিশনের সম্প্রচার সাতদিনের জন্য বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি ও আদেশের জন্য ২৭ আগস্ট ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে ওঠে।

শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ সময় টিভির সম্প্রচার সাতদিনের জন্য বন্ধের আদেশ দেন।

এরপর ২০ আগস্ট সময় টিভির সম্প্রচার সাতদিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের এ আবেদন করেন।

১৯ আগস্ট আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

ওইদিনই আহমেদ জোবায়েরের পক্ষের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, সময় টিভির মালিকানা নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন বিচারাধীন। এ তথ্য গোপন করে নতুন করে রিট করা হয়েছে। আমরা এখন হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবো।

গণমাধ্যমের খবর অনুসারে, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading