চট্টগ্রাম বন্দরে গার্মেন্ট পণ্যের কন্টেনারে এলো মদ!

চট্টগ্রাম বন্দরে গার্মেন্ট পণ্যের কন্টেনারে এলো মদ!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, (০৫ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১৪:২৭

চট্টগ্রাম সমুদ্র বন্দরে মিথ্যা তথ্যে আনা এক কনটেনার মদ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এতে প্রায় ১১ হাজার ৬৭৬ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ ছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) বন্দরের ভেতর থেকে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের দাবি, চালানটি আটকের মাধ্যমে অন্তত ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আমদজী ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড চালানটি আমদানি করে। তারা চীন থেকে এক কনটেনার ফেব্রিকস আমদানি করবে বলে ঘোষণা দিয়েছিল। চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড।

এদিকে, চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির বিষয় আগেই টের পেয়েছিলেন কাস্টমস কর্মকর্তারা। এ কারণে গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে চালান সংশ্লিষ্ট কনটেনার ফোর্স কিপ ডাউন করে দেওয়া হয়। কায়িক পরীক্ষা শেষে কনটেনারটিতে ১ হাজার ১১৪ কার্টন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পণ্যচালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ১২ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৭ জুন মিথ্যা ঘোষণায় আনা ৫০ হাজার শলাকা সিগারেট আটক করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading