ত্বকের সংক্রমণ দূর করে নিমপাতা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১০:২৫
বৃষ্টি দেখতে ভালো লাগলেও শরীরের জন্য কখনো কখনো এই সময়টা খারাপ বার্তা নিয়ে আসে। বর্ষায় ত্বক আর চুলের বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। এসময় নানারকম রোগব্যাধির সংক্রমণও বাড়ে। পেটের সমস্যা, ত্বকের সংক্রমণ, চুলে খুশকি— সমস্যা লেগেই থাকে। বর্ষাকালীন সব সমস্যা সমাধানে ভরসা রাখতে পারেন নিমপাতায়।
নিমের অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি বায়োটিক গুণ থাকে। এটি ব্যাকটেরিয়ায় আক্রমণ থেকে চুল ও ত্বককে রক্ষা করে। তবে সর্বোচ্চ উপকার পেতে নিমপাতা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। চলুন বিস্তারিত জেনে নিই-
নিমপাতার পানি কীভাবে তৈরি করবেন?
প্রথমে চুলায় ভালো করে পানি ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে দিন। এক মুঠো নিমপাতা নিয়ে পানিতে দিয়ে পাত্রের মুখ ঢাকনা দিয়ে দিন। এই অবস্থায় রেখে দিন পুরো রাত। পরের দিন পানি থেকে পাতা ছেঁকে নিন।
এবার ওই পানি চুল ও মুখ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন। গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন।
তবে মনে রাখবেন, পানির মধ্যে পাতা দিয়ে কিন্তু ফোটানো যাবে না। বরং পানি ফুটিয়ে চুলা বন্ধ করে এরপর পাতা মেশাতে হবে।
র্যাশ, ছত্রাক সংক্রমণ, চামড়ায় খোসা ওঠা বা চুলকানির সমস্যা থাকলে নিমের পানি দারুণ কাজ করে। মাথার ত্বকে ছত্রাকঘটিত যাবতীয় সমস্যা দূর করে এই পানি। নিমপাতা নারকেল বা তিল তেলের মধ্যে ফুটিয়ে মাথায় মাখলেও উপকার মিলবে।
শরতের ভ্যাপসা আবহাওয়াতে অনেকের গায়ে দুর্গন্ধ হয়। গোসলের পর সারা শরীরে নিম পানি মেখে নিলে গায়ে দুর্গন্ধের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।
ইউডি/কেএস

