স্বর্ণের দামে রেকর্ড, ভরি কত?
উত্তরদক্ষিণ। শনিবার (২১ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০
আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো ১ আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে। এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৬২২ দশমিক ৩ ডলারে। প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনে ৩৪ দশমিক ৯৫ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছিল।
ইউডি/এবি

