শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে: স্থানীয় সরকার উপদেষ্টা

শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে: স্থানীয় সরকার উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২০:০০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু বিষয়ক সমস্যা সম্পর্কে আমরা সবাই জানি। প্রতিবছরই এটা নিয়ে মহড়া হয়। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা নানা রকম কার্যকলাপ দেখাই। কিন্তু গোঁড়া থেকেই যদি পদক্ষেপ নেওয়া থাকে এবং শুরু থেকে আমরা প্রত্যেকে সচেতন হই তাহলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম, এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই। সংক্রমণ হচ্ছে এটাই আমাদের চিন্তার বিষয়। আমাদের এদিকে বেশি নজর দিতে হবে। সংক্রমণ রোধে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লার্ভা সাইডের মেডিসিন দেওয়া, ফগিং করা। অন্যটা হলো জনগণকে সচেতন করা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানিয়ে হাসান আরিফ বলেন, আপনারা বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে অনুসন্ধানী রিপোর্ট করুন। কাউন্সিলরদের প্রথমেই গিয়ে জিজ্ঞেস করুন, কেন তার এলাকা এত অপরিচ্ছন্ন। তাহলে দেখা যাবে কাউন্সিলররাও তৎপর হবেন এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতাকর্মীকেও মাঠে পাওয়া যাবে।

তিনি জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ১০টি টিম গঠন করা হয়েছে। প্রতি টিমে তারা কাজ শুরু করে দিয়েছে। ডেঙ্গু সংক্রমণরোধে তারা প্রতিটা খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই টিম কাজ করবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading