স্টেডিয়ামে ইন্ডিয়ানদের মারধরের শিকার টাইগার রবিকে ফেরত পাঠানো হচ্ছে দেশে
উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:৫৫
কানপুরে বাংলাদেশ-ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে ইন্ডিয়ানদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা ‘টাইগার রবি’কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ইন্ডিয়া। জানা গেছে, মেডিক্যাল ভিসায় ইন্ডিয়াতে গিয়ে খেলা দেখেছেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমে দাবি, আগামী কয়েক বছর ইন্দিয়াতে প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে।
কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি। বাংলাদেশের এই ভক্ত নিজের ওপর হামলার অভিযোগ করেন। অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
পরে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে জানান, ‘মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে।’ পরে রবিও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রেখেছে পুলিশ।
এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ইন্ডিয়া সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাকে ইন্ডিয়া ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আজ ফিরবেন ঢাকায়।
রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ইন্ডিয়াতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ইউডি/এআর

