শেরপুরে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে শতাধিক গ্রাম প্লাবিত

শেরপুরে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে শতাধিক গ্রাম প্লাবিত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:০০

দুই দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার মহারশি ও নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মধ্যরাতে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়ে শত শত পরিবার।

স্থানীয়রা জানান, ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয়রা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম। এখনো বৃষ্টি থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর দুইপাড়ের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে শ্রীবরদীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ক্ষেত ও ধানের খেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেরপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, শেরপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিতে তিন নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে৷ ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ দ্রুত শুরু করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading