যে কারণে পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছেন বাবর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:৪৫
হুট করেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান, তাই নেতৃত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন বাবর। তবে ভিন্ন কথা বলেছে পাকিস্তানের গণমাধ্যম। তাদের দাবি, দেশটির ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের হেড কোচ গ্যারি কারস্টেনের ওপর ক্ষুব্ধ হয়েই নেতৃত্ব ছেড়েছেন বাবর।
গত ওয়ানডে বিশ্বকাপের পর হুট করেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর অবশ্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কথায় সাদা বলের নেতৃত্বভার নিয়েছেন তিনি। তবে দলের দায়িত্ব নেওয়ার পর ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি।
পিসিবির এক কর্মকর্তা দেশটির মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হওয়ায় বোর্ড থেকে কোচদের কাছে রিপোর্ট চেয়েছিলেন নাকভি। আর বিশ্বকাপে ব্যর্থতার পুরো দায় দুই কোচ আজহার মাহমুদ ও কারস্টেন চাপিয়েছেন বাবরের ঘাড়ে। এ কারণেই ক্ষেপে যান বাবর।
পিসিবির ওই কর্মকর্তা পাকিস্তানি মিডিয়াকে বলেছেন, ‘কারস্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট নয়। ওর মনে হয়েছে পুরো দায় কেবলমাত্র ওর উপর চাপানো হয়েছে। এতে সে ক্ষুব্ধ হয়ে আর অধিনায়ক থাকতে চায়নি। নাকভিকে সব কথা জানিয়েছে বাবর।’
বাবরের আগে পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক ছিলেন পেসার শাহিন আফ্রিদি। ফের বাবরের পদত্যাগে পিসিবি হয়তো তাকেই দায়িত্ব দিবে। তবে এক সিরিজ পরেই অধিনায়কত্ব কেড়ে নেয়ার পর পাকস্তানি পেসার ফের নেতৃত্ব নিতে চাইবেন না কী না সেটাই দেখার।
ইউডি/কেএস

