হরিয়ানায় বিজেপি’র হ্যাটট্রিক, কংগ্রেসের আশায় গুড়েবালি
সাদিত কবির । বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:৩০
টানা এক দশক ক্ষমতায় থাকার পরেও ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’ অতিক্রম করে হরিয়ানায় আবার নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কৃষক আন্দোলনের আঁচ, বিনেশ ফোগাটের ‘বঞ্চনা’, বিজেপি নেতা ব্রিজভ‚ষণ শরণ সিংহের বিরুদ্ধে হরিয়ানার কয়েক জন মহিলা কুস্তিগিরের তোলা যৌন নিগ্রহের অভিযোগ, চুক্তিভিত্তিক সেনা নিয়োগের ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে ক্ষোভের ছায়া পড়েনি হরিয়ানার বিধানসভা ভোটের ফলে। এর পেছনে পদ্মশিবিরের নিপুণ ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’-এর পাশাপাশি জাতপাতের অঙ্কেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকগণ। হরিয়ানায় ৯০ টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ৪৬টি আসন। এই রাজ্যে কংগ্রেস জয় পেয়েছে ৩৬টি আসনে, বাকি ৫টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল। বুথফেরত জরিপগুলো কংগ্রেসকে আশা দেখালেও রাজ্যের মানুষ শেষ পর্যন্ত ভরসা রেখেছে বিজেপিতেই। হরিয়ানার বিধানসভায় গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি।
২০২১ সালের কৃষক আন্দোলনকে ঘিরে অবশ্য রাজ্যে দলটির ভাবমূর্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এই নির্বাচনে ভোটাররা সদয় হবেন কি না-তা নিয়ে সংশয় ছিল বিজেপির। ফলাফল প্রকাশের পর সেই সংশয় কেটে গেছে। ২০১৪ সালে ৪৭টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা ক্ষমতা দখল করলেও ২০১৯-এ বিজেপির আসন ৪০-এ নেমে গিয়েছিল। সরকার গড়তে আইএনএলডি-ছুট দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র উপর নির্ভর করতে হয়েছিল তাদের। তাদের বিশ্লেষণ বলছে, ইন্ডিয়ার উত্তর ও মধ্য হরিয়ানার জাঠ প্রভাবিত অঞ্চলে কংগ্রেস ভাল ফল করলেও দক্ষিণে অ-জাঠ অঞ্চলে বড় জয় পেয়েছে বিজেপি। ভাল ফল করেছে রাজ্যের পশ্চিম অংশেও। পরিসংখ্যান বলছে, হরিয়ানায় জাঠ ভোট প্রায় ২৭%, দলিত (এসসি) ২১%, অন্যান্য অনগ্রসর (ওবিসি) প্রায় ৩৩%। জাঠ ভোট কংগ্রেস, আইএনএলডি, জেজেপির মধ্যে ভাগাভাগি হয়েছে।
টানা হারলেও ভোট-আসন বেড়েছে কংগ্রেসের: টানা তিন বার ভোটে হারলেও কংগ্রেসের ভোট এবং আসন দু’টিই বেড়েছে হরিয়ানায়। ২০০৪ থেকে টানা এক দশক ক্ষমতায় থাকা কংগ্রেস ২০১৪-য় হরিয়ানার ভোট এবং আসনসংখ্যার হিসাবে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। সাড়ে ২০ শতাংশ ভোট পেয়ে জিতেছিল মাত্র ১৫ আসনে। ২৪ শতাংশ ভোট পেয়ে ১৯ আসনে জিতে দ্বিতীয় হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার আইএনএলডি। ২০১৯ সালের বিধানসভা ভোটে ২৮ শতাংশের বেশি ভোট পেয়ে ৩১টি আসনে জিতে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস। এ বার আসনসংখ্যায় বিজেপির তুলনায় পিছিয়ে থাকলেও ভোট শতাংশের হিসাবে কংগ্রেস প্রায় তুল্যমূল্য। সে রাজ্যে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়গের দলের ঝুলিতে গিয়েছে প্রায় ৩৯.১ শতাংশ ভোট। বিজেপি প্রায় ৩৯.৯ শতাংশ। অর্থাৎ, দু’দলের ব্যবধান এক শতাংশেরও কম। অন্য দিকে আপ পৌনে ২ শতাংশের বেশি ভোট পেয়েছে।
ইউডি/এজেএস

