চরম দারিদ্র্য: গুরুতর অবস্থায় দেশের ৬.৫% মানুষ

চরম দারিদ্র্য: গুরুতর অবস্থায় দেশের ৬.৫% মানুষ

আশিকুর রহমান । শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৩৮

বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাদের মধ্যে ৬ দশমিক ৫ শতাংশের অবস্থা গুরুতর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামের গত বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এখানে বহুমাত্রিক দারিদ্র্য পরিস্থিতি বুঝতে বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণা করা হয়েছে। তাতে ২০২২-২৩ বছর পর্যন্ত এক দশকের বেশি সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এখানে মানুষের পর্যাপ্ত আবাসন, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, ভোজ্যতেল ও পুষ্টির মতো অতি প্রয়োজনীয় সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে কেমন ঘাটতি রয়েছে, তা বিবেচনায় নেওয়া হয়েছে। শিশুরা কী হারে স্কুলে উপস্থিত হচ্ছে, তা-ও এখানে বিবেচনায় এসেছে।

বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ‚মিকা রাখছে মানুষের জীবনযাত্রার মান (৪৫ দশমিক ১ শতাংশ)। এরপর রয়েছে শিক্ষা (৩৭ দশমিক ৬ শতাংশ) ও স্বাস্থ্য (১৭ দশমিক ৩ শতাংশ)। এর আগে, বিশ্বব্যাংকের ম্যাক্রো পোভার্টি আউটলুক ফর বাংলাদেশ অনুসারে, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের মাঝে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি চরম দারিদ্র্যের মধ্যে পড়বেন বলে আশঙ্কা করা হয়েছে। এর ফলে তাদেরকে দৈনিক ২.১৫ ডলারেরও কম অর্থ ব্যয়ে জীবনযাপন করতে হবে। এছাড়া মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৬ শতাংশে। এ প্রবণতার কারণ হিসেবে সংস্থাটি ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতিকে নির্দেশ করেছে।

প্রতিবেদনে চলতি অর্থবছরে আন্তর্জাতিক দারিদ্র্য হার (দৈনিক ২.১৫ ডলার ব্যয়ে জীবনধারণ) ৫ দশমিক ১ শতাংশে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যা আগের অর্থবছরের আনুমানিক ৪ দশমিক ৯ শতাংশ থেকে বেশি। সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট-এর অংশ হিসেবে গত এপ্রিল মাসে প্রকাশিত প্রতিবেদনে মাঝারি দারিদ্র্যহার (দৈনিক ৩.১৫ ডলারের কম ব্যয়) ২০২২-২৩ অর্থবছরের ২৯ দশমিক ৩ শতাংশ থেকে ২০২৩-২৪ অর্থবছরে ২৯ দশমিক ৪ শতাংশ বাড়বে বলে ধারণা করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য হ্রাস থমকে গিয়েছে। খাদ্যপণ্যের উচ্চ মূল্য বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর ওপর প্রভাব ফেলেছে। এ পরিবারগুলো তাদের আয়ের অর্ধেকেরও বেশি খাবারের পেছনে ব্যয় করে।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এর প্রতিবেদনে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে দেখা গেছে। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। দেশে চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। তুলনামূলকভাবে ২০১৬ সালের সমীক্ষায় উচ্চ দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ উল্লেখ করা হয়েছিল।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading