পাচার টাকা উদ্ধারে পৃথক কমিশন চান পার্থ
উত্তরদক্ষিণ। শনিবার (১৯ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৪০
আওয়ামী লীগের প্রভাবশালীদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে পৃথক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপ শেষে শনিবার (১৯ অক্টোবর) রাতে সাংবাদিকদের আলোচনার বিষয় জানাচ্ছিলেন তিনি।
পার্থ বলেন, আওয়ামী লীগ সরকারের ‘গণহত্যা’ ও গণতন্ত্র হত্যার বাইরে আরেকটা বড় বিষয় ছিল দুর্নীতি। সেই অর্থ পুনরুদ্ধারে একটি কমিশন করা হোক। পাচারের মাধ্যমে যে টাকা চলে গেছে, সে টাকাটা যাতে ফেরত আসে।”
এজন্য প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রোফাইল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
‘তাহলে ইউকে, দুবাই, সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন দেশে যে ৩/৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত আসবে। এই টাকাটা আওয়ামী সরকারের দুর্নীতির টাকা। না হলে এই টাকা আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হবে। আমি মনে করি এই কমিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ‘গণহত্যার’ বিচার যাতে আন্তর্জাতিক মানে যাতে হয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
নির্বাচনমুখী সংস্কার এবং দ্রব্যমূল্য নিয়েও সংলাপে কথা হয়েছে বলে তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ ও ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও প্রধান উপদেষ্টার কাছে তুলেছেন তিনি।
ইউডি/এবি

