ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ গেল ৭ জনের, হাসপাতালে ভর্তি ১১৩৮ জন
উত্তরদক্ষিণ। বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪, আপডেট ২০:৫০
বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৪ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের দুইজন। এছাড়া বরিশাল বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজনের এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ১০৪ জন, রংপুরে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
ইউডি/এআর

