সাবেক মন্ত্রী শ.ম রেজাউলসহ ২০০ জনের নামে মামলা

সাবেক মন্ত্রী শ.ম রেজাউলসহ ২০০ জনের নামে মামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:০০

পিরোজপুর-১ আসনের (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সাবেক মন্ত্রী শ. ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে এই মামলা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বাদী হয়ে ৪০ জনকে নামীয় এবং অজ্ঞাত ১৬০ জনসহ মোট ২০০ জনকে আসামি করে নাজিরপুর থানায় মামলাটি করেন।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ. ম রেজাউল করিমের ভাই এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানবীর হাসান ডালিম, বর্তমান সভাপতি তরিকুল ইসলাম তাপস, সাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২০২২ সালের ৯ আগস্ট বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ. ম রেজাউল করিমের নির্দেশে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর তারা মামলা করতে চাইলে রাজনৈতিক কারণে মামলা করতে পারেননি।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বলেন, সাবেক মন্ত্রী শ. ম রেজাউল করিম ও তার দুই ভাইসহ ৪০ জনকে নামীয় এবং অজ্ঞাত ১৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading