দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে: জিএম কাদের

দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে: জিএম কাদের

উত্তরদক্ষিণ। শনিবার (২৬ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলছেন, আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ আন্দোলনে ছাত্রদের নিহতের মামলায় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাপার অন্তত ৩৩ জন নেতাকর্মী আসামি হয়েছেন। তাদের অনেকেই জেল খেটেছেন, রংপুরে দুইজন নেতা শহীদ হয়েছেন, রাজধানীতেও পার্টি সক্রিয় অংশ নিয়েছে। জাপা কেন্দ্রীয়ভাবে যৌথসভা করে সারা দেশের নেতাকর্মীদের ছাত্রদের পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছিল। কিন্তু এখন হত্যা মামলায় পার্টির নেতাদের আসামি করা হচ্ছে, এই অন্যায় আমরা মানব না, আমরা এর প্রতিবাদ করব।

তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে সহযোগী হিসেবে পরিচিতি পেয়েছিল জাতীয় পার্টি। দলটির নেতারা কখনও মন্ত্রিত্ব নিয়ে সরকারের অংশীদার হয়েছেন। কখনও সংসদে বিরোধী দলের আসনে বসেছে।

দলটি ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে যোগ দেয়। ২০১৪ থেকে তিনটি নির্বাচনে জোট অথবা সমঝোতা করেই অংশ নেয়, টানা তিনটি সংসদে তারা ছিল বিরোধী দল।

সরকার পতনের পর আন্দোলনে হত্যার অভিযোগে করা মামলাগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ জাপার নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এসব মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে জাতীয় পার্টি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading