আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ শুনতে চাই না: জামায়াতের আমির
উত্তরদক্ষিণ। শনিবার (২৬ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:২০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা চাই না এই জাতিকে আর কেউ বিভক্ত করুক। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ শুনতে চাই না। যারাই এখানে জন্ম নিয়েছে, তারা গর্বিত নাগরিক। সব ধর্মের মানুষ দলমত-নির্বিশেষে এখানে বসবাস করবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। যদি মসজিদে নামাজ পড়ার সময় পাহারা দিতে না হয়, তাহলে মন্দিরে উপাসনার সময়ও যেন পাহারা দেওয়ার প্রশ্ন না ওঠে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বগুড়ায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে দেশে বিচারকের চেয়ারে বসে কোনো দুর্বৃত্ত ঘুষ খাওয়ার চিন্তা করবে না। কেউ যদি ঘুষের দিকে হাত বাড়ায়, তার হাত গুঁড়িয়ে দেওয়া হবে। ন্যায়বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতে ইসলামী তরুণদের প্রতি আস্থাশীল উল্লেখ করে দলটির আমির বলেন, জামায়াত তরুণদের এমন শিক্ষা দিতে চায়, তারা আল্লাহর ভয় করবে, মানুষকে ভালোবাসতে শিখবে, দেশকে ভালোবাসতে শিখবে। সুশিক্ষার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত কাজ তাদের হাতে চলে আসবে। কোনো মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে। জামায়াত সেই বাংলাদেশের স্বপ্ন দেখে। জামায়াত এমন বাংলাদেশ চায়, যেখানে হিংসা হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে। প্রতিশোধের রাজনীতি না চাইলেও ফ্যাসিস্ট সরকারের খুন হত্যা, গুম এবং অর্থ চুরির বিচার হতে হবে।
ইউডি/এবি

