শেষ সময়ের জরিপেও সমানে সমান কমলা-ট্রাম্প
উত্তরদক্ষিণ। শনিবার (২৬ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৩০
আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ভোটের আগে দেশজুড়ে নিজেদের চূড়ান্ত জনমত জরিপ চালিয়েছে সিএনএন। জরিপে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সমানে সমান লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
এসএসআরএস এই জরিপ পরিচালনা করেছে, জরিপে ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে এবং ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। এর আগে সেপ্টেম্বরে হওয়া জরিপে কমলা ৪৮ শতাংশ ও ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পান।
প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর কমলা ডেমোক্রেটিক দলের প্রার্থী হন। বাইডেন সরে দাঁড়ানোর সময় কমলার প্রতি তার সমর্থন দিয়ে যান। সে সময় সিএনএনের জনমত জরিপে ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার ট্রাম্পকে ও ৪৬ শতাংশ ভোটার কমলাকে সমর্থন দিয়েছিলেন।
এ বছর আমেরিকার রাজনীতির অবস্থা বেশ টালমাটাল। কিন্তু জনমত জরিপগুলোতে উল্লেখ করার মতো স্থিতিশীল অবস্থা দেখা গেছে।
জরিপে দেখা গেছে, ৮৫ শতাংশ সম্ভাব্য ভোটার যারা প্রার্থী পছন্দ করে ফেলেছেন, তারা তাঁদের সিদ্ধান্তে অটল আছেন। তারা জানেন, তারা কোন দলের প্রার্থীকে ভোট দিতে চলেছেন। মাত্র ১৫ শতাংশ বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তারা পছন্দ পরিবর্তন করেছেন।
যারা পছন্দ ঠিক করে ফেলেছেন, তাদের মধ্যে ৫০ শতাংশ কমলাকে ও ৪৯ শতাংশ ট্রাম্পের পক্ষে বলেছেন। মাত্র ১ শতাংশ অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন।
ইউডি/এবি

