ইসি পুনর্গঠনে সার্চ কমিটি’র প্রজ্ঞাপন শিগগিরই: আইন উপদেষ্টা

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি’র প্রজ্ঞাপন শিগগিরই: আইন উপদেষ্টা

আসাদ এফ রহমান। বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, আপডেট ১৪:৪২

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো নির্বাচন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘিরেই চলতে থাকে আলোচনা-সংলাপ। অনেক রাজনৈতিক দল সংস্কারে প্রাধান্য দিয়ে নির্বাচন চায়, আবার অনেক রাজনৈতিক দলের স্পষ্ট ভাষ্য হলো এই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিৎ নির্বাচন। যদিও অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন এই দুই বিষয়কেই প্রাধান্য দিচ্ছে। এবার এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার কার্যক্রম শুরু হয়ে গেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরের পর প্রজ্ঞাপন হয়ে যাবে। তিনি বলেন, হয়তো ইতোমধ্যে স্বাক্ষর হয়ে থাকতে পারে। না হলে শিগগিরই হয়ে যাবে।

সার্চ কমিটি হয়ে গেলে ইসি গঠন হয়ে যাবে। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে। সার্চ কমিটি কত সদস্যের হবে, এ প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, আইনে যা বলা আছে, তা-ই হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত কয়েকটি নির্বাচন ছিল ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি।

যেভাবে গঠিত হয় সার্চ কমিটি: জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এ অনুসন্ধান কমিটি গঠিত হয়। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই ৫ জনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। যার সভাপতি হন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সদস্য হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। এ দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী। তিন সদস্যের উপস্থিতিতে কমিটির সভার কোরাম হবে। এ কমিটির কাজে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading