এবার নিউক্যাসলের কাছে হারল আর্সেনাল
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ নভেম্বর , ২০২৪, আপডেট ০৯:০০
ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ঘরের মাঠে দুর্দান্ত শুরু করে নিউক্যাসল। খেলার মাত্র ১২ মিনিটেই গোল করে এগিয়ে যায় তারা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। অ্যালেক্সান্ডার ইসাকের করা গোলটি শোধ করতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা।
গত দুই মৌসুমে শেষ মুহূর্তে গিয়ে ম্যানচেস্টার সিটির কাছে লিগের শিরোপা খুইয়েছিল আর্সেনাল। সে হতাশা কাটিয়ে চলতি মৌসুমেও শুরু থেকেই দারুণ খেলা উপহার দিচ্ছিল আর্সেনাল। টানা ৭ ম্যাচে অপরাজিত থেকে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল তারা।
এই পরাজয়ের ফলে আর্সেনালের শীর্ষে ওঠার লক্ষ্য আরও কঠিন হয়ে গেল। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই জয়ের মাধ্যমে নিউক্যাসল লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল, যা তাদের আগামী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস যোগাবে।
১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি আর ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিভারপুল।
ইউডি/কেএস

