খেলা শুরু হতে দেরি, ‘যে কোনো কিছুর’ জন্য প্রস্তুত বাংলাদেশ
উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৩৮
চট্টগ্রামে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। যে কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের টস হয়নি এখনো। ফলে খেলাও নির্ধারিত সময় বেলা ২টায় শুরু করা যায়নি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা আছে। কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ মাঠে গড়াতে খেলা শুরু করতে হবে অন্তত ৪টা ২০ মিনিট বা তার আগে।
তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন অবস্থা দুর্দান্ত। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানালেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তুলতে পারবেন গ্রাউন্ডসম্যানরা। অবশ্য বৃষ্টি না থামলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
টস বিলম্বিত হওয়াতে ব্রডকাস্টারদের সাক্ষাৎকার দিয়েছেন প্রথম ম্যাচে ১৩ বলে ৩১* রানের ইনিংসে দলকে জেতানো শামীম হোসেন পাটোয়ারী। বৃষ্টির কারণে এখন খেলা কখন শুরু হবে সেটা বলা যাচ্ছে। তবে শামীম বললেন তারা প্রস্তুত, ‘আমরা খেলার জন্য সবসময়ই তৈরি থাকি। কিন্তু আবহাওয়া-প্রকৃতির ওপর তো আমাদের আর হাতে নেই। তবে মানসিকভাবে আমরা প্রস্তুত আছি, কারণ যেকোনো সময় ম্যাচ শুরু হতে পারে।’
যে কোনো কিছুর প্রস্তুতি রাখতে হচ্ছে, কারণ ম্যাচ দেরিতে শুরু হলে কার্টেল ওভারের হতে পারে।
ইউডি/রেজা

