কমলার সামনে ইতিহাস গড়ার হাতছানি
আরেফিন বাঁধন। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:৫৬
আমেরিকার ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের রানিং মেট ছিলেন কমলা হ্যারিস। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট হন কমলা। তখনই তিনি একসঙ্গে দুটি ইতিহাস গড়েন। তার আগে আর কোনো নারী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন না। কোনো কৃষ্ণাঙ্গ পুরুষও তার আগে এই পদে ছিলেন না। কমলা হ্যারিস যদি এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তবে তিনি প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হিসেবে অনন্য রেকর্ড গড়বেন। বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ আমেরিকায় ১৭৮৯ সাল থেকে কোনো নারী এখন পর্যন্ত এই শীর্ষ পদে আসীন হতে পারেননি।
৫৯ বছর বয়সী কমলা হ্যারিস জয়ী হলেই তিনি দেশটির ২৩৫ বছরের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নতুন কৃতিত্বের অধিকারী হতে পারেন। যা হতে পারে আমেরিকার রাজনীতিতে নারীর ক্ষমতায়নের উজ্জ্বলতম উদাহরণ। এছাড়াও তিনি প্রথম ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রেসিডেন্ট ও দ্বিতীয় আফ্রিকান বংশোদ্ভূত প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস গড়বেন। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে ১৯৬৪ সালের ২০ অক্টোবর কমলা দেবী হ্যারিসের জন্ম হয়। ইন্ডিয়ান বংশোদ্ভূত মা শ্যামলা গোপালন ছিলেন পেশায় ক্যানসার গবেষক। জ্যামাইকান-আমেরিকান অর্থনীতিবিদ বাবা ডোনাল্ড জ্যাসপার হ্যারিস ছিলেন অর্থনীতিবিদ।
ইউডি/এজেএস

