এক ইলিশ ৬ হাজার টাকা
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, আপডেট ০৮:০০
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।
কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালির পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি কিনে নেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে ৷ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মাছ ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করে।
জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।
আড়ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু যায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।
ইউডি/কেএস

