সুবর্ণা মুস্তাফাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে
উত্তরদক্ষিণ। শনিবার (৩০ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০
চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।
বিশ্বস্ত সেই সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।
এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তারা বিব্রতবোধ করছিলেন। সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।
ইউডি/এবি

