এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন: মোদীর পোস্ট প্রসঙ্গে সাখাওয়াত

এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন: মোদীর পোস্ট প্রসঙ্গে সাখাওয়াত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৪:০০

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যেকথা বলেছেন, সেটি তার কথা। ১৬ ডিসেম্বর এবং নয় মাসের যুদ্ধ এটি বাংলাদেশের যুদ্ধ। নয় মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বিগ্রেডিয়ার সাখাওয়াত বলেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ইন্ডিয়ার সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমীতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারে।

কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১ জন ক্যাডেট একাডেমিক কোর্স সম্পন্ন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading