ভাবিনি সবাই এত ইমোশনাল হয়ে যাবে: মেহজাবীন
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০
টানা হাততালি আর হর্ষধ্বনি। ‘প্রিয় মালতী’ দেখে দর্শক খুশি। শুক্রবার বেলা দেড়টায় শেষ হয় সিনেমাটির প্রথম শো। সিনেমা শেষে দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের।
শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে সারা দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয় মালতী’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে বেলা ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো ছিল হাউসফুল।
সিনেমা শেষে মেহজাবীনকে শুভেচ্ছা জানান দর্শকেরা। সিনেমাটি তাদের ভালো লেগেছে বলে মন্তব্য করেন দর্শকেরা। সিনেমায় থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তারা। নানা বয়সের দর্শকদের দেখা গেছে প্রথম শোতে। বয়সে পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও।
কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তর গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন বেশির ভাগ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। মেহজাবীন বলেন, সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পড়বেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।
নির্মাতা শঙ্খ দাশগুপ্তর ভাষ্যে, মাত্র তো প্রথম শো। অনেকেই ভালো বলছেন। এমন আরও অনেকেই মন্তব্য করবেন। এগুলো তো মাত্র আসা শুরু হলো। আশা করছি, দর্শকদের ভালো লাগার কথাই বেশি আসবে। আমি সবাইকে শুধু বলতে চাই, আপনারা “প্রিয় মালতী” দেখতে আসুন, আপনাদের গল্পই বলা হয়েছে সিনেমায়।
ইউডি/এবি

