প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় সিপিবি
উত্তরদক্ষিণ। শুক্রবার (০৩ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:৩০
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা বলেছে, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের অন্তরের কথা বুঝতে পারছে না। তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রাজনীতির বাইরে কোনো খেলা চলবে না। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে হবে।
শুক্রবার (০৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আয়োজিত ‘ঢাকা সমাবেশ’-এ নেতারা এসব কথা বলেন। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা ও নিহত-আহতদের পরিবারের পুনর্বাসন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং লুটপাট, সাম্প্রদায়িকতা, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে ইতোমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে। সংস্কার আগে, না নির্বাচন আগে, এ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়, এটা পরস্পরের পরিপূরক।
তিনি বলেন, বাহাত্তরের সংবিধান ও জাতীয় চার মূলনীতি বাতিলের দাবি এবং জাতীয় সংগীত নিয়ে বিতর্ক সামনে এনে জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। ভিন্নমত পোষণ করলেই আগের মতো স্বৈরাচারের দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পতিত স্বৈরাচার, জঙ্গি ও নৈরাজ্যবাদী শক্তির পথকে প্রশস্ত করা হচ্ছে।
ইউডি/এবি

